দক্ষিণ জার্মানির ব্যাভেরিয়া রাজ্যে পাহাড়ি অঞ্চলে অবস্থিত এডলফ হিটলারের অতিথিশালা ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ব্যাভেরিয়ার বের্শটেসগাডেন এলাকার কাছে অবস্থিত ওই ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা ধরে কাজ করেন ২০০জন ফায়ার ফাইটারকর্মী। তবে আগুনে ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯৩৮ সালে হিটলারের ৫০তম জন্মদিন উপলক্ষে এই ইগল নেস্ট উপহার দেয় তার রাজনৈতিক দল নাৎসি পার্টির সদস্যরা। হিটলার এ ভবনটিকে বিদেশি কূটনৈতিক অতিথিদের জন্য অতিথিশালা হিসেবে ব্যবহার করতেন। জার্মান ভাষায় ভবনটির নাম ছিল ‘কেলস্টাইনহাউস।’
পাহাড়ের উঁচুতে অবস্থিত ভবনটি নজর কেড়েছিল এর নির্মাণশৈলী ও আধুনিক উপস্থাপনের জন্যও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবনটি নাৎসি যুগের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হয়।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটক ওই ব্যক্তির সঙ্গে আগুন লাগার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।