আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রাইমারি নির্বাচন স্থগিতের একটি প্রস্তাব বিবেচনা করতে যাচ্ছে আর্জেন্টিনার সেনেট। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার মনে করছে, প্রস্তাবটি পাস হলে ২০২৭ সালের নির্বাচনে তাঁর পুনর্নির্বাচনের পথ সহজ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থগিতের বিষয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেনেটে ভোটাভুটির কথা রয়েছে।
প্রস্তাবটি পাস হতে হলে সেনেটের ৭২ সদস্যের মধ্যে অন্তত ৩৭ জনের সমর্থন প্রয়োজন। মিলেইয়ের সরকার জানিয়েছে, মধ্যপন্থী ও মধ্য-ডানপন্থী মিত্রদের সমর্থনে প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তবে সেনেটে পাস হলেও আইন কার্যকর করতে নিম্নকক্ষের অনুমোদন লাগবে।
নির্বাচনী সংস্কার প্রস্তাবে ২০২৭ সালের প্রাইমারি নির্বাচন স্থগিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সরকারি অর্থায়ন কমানো এবং সাধারণ নির্বাচনের আগে বাধ্যতামূলক প্রেসিডেন্টশিয়াল বিতর্ক বাতিলের কথা বলা হয়েছে।
আর্জেন্টিনায় প্রাইমারি নির্বাচন ‘পাসো’ নামে পরিচিত। ২০০৯ সালে চালু হওয়া এই ব্যবস্থায় সাধারণ নির্বাচনের প্রায় দুই মাস আগে দলগুলো নিজেদের প্রার্থী বাছাইয়ের সুযোগ পায়।
এদিকে টানা তিন বছর ধরে কঠোর সরকারি ব্যয় সংকোচন নীতি অনুসরণের পর বর্তমানে অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন মিলেই।অর্থনীতিবিদদের বড় একটি অংশের ধারণা, ২০২৬সালের তৃতীয় প্রান্তিকে আর্জেন্টিনার অর্থনীতি কারিগরি মন্দায় (টেকনিক্যাল রিসেশন) প্রবেশ করেছে।দেশটিতে বেকারত্ব বাড়ছে এবং আঞ্চলিক প্রতিবেশীদের তুলনায় মূল্যস্ফীতিও উচ্চপর্যায়ে রয়েছে।এর প্রভাবে চলতি বছরের জানুয়ারিতে মিলেইয়ের জনপ্রিয়তা ৪০ শতাংশের ওপরে থাকলেও তা কমে এখন ৩০ শতাংশের মাঝামাঝি নেমে এসেছে।
তবে, প্রাইমারি নির্বাচন স্থগিত হলে মিলেইয়ের পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কারণ, এই নির্বাচন ভোটারদের মনোভাব যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অন্যদিকে, প্রাইমারি না হলে বিভক্ত পেরোনিস্ট বিরোধী জোটকে নিজেদের মধ্যে আলোচনা করে একক প্রার্থী বাছাই করতে হবে।
তবে এই সংস্কার প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনাও রয়েছে। সরকারের দাবি, প্রাইমারি নির্বাচন স্থগিত হলে রাষ্ট্রীয় ব্যয় কমবে এবং দীর্ঘ নির্বাচনীসূচি সংক্ষিপ্ত হবে। কিন্তু সমালোচকদের মতে, এতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্যে ও স্বচ্ছভাবে নিষ্পত্তিরসুযোগ কমে যাবে, যা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচকে দুর্বল করবে।
বিশ্লেষকদের কারও কারও মতে, বিতর্ক ও প্রাইমারি নির্বাচন বাতিলের ফলে ভোটারদের মধ্যে এমন ধারণাও তৈরি হতে পারে যে সরকার সরাসরি নির্বাচনী জবাবদিহি এড়াতে চাইছে।