লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজিতে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই অভিযানে রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
সোমবার (২৩ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এসব হামলার কথা জানান।
জেলেনস্কি বলেন, রোববার সাতটি ইউক্রেনীয় নৌ-ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। এতে রাশিয়ার ২০২৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মারকুরি’ ডুবে গেছে। জাহাজটিতে থাকা রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।
এ ছাড়া রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত ‘এমভি আঙ্গারা’ নামের একটি শুকনো পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেনগাজির নৌঘাঁটিতে অবস্থান করছিল রুশ যুদ্ধজাহাজটি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, একটি মূল জাহাজ বা ‘মাদার শিপ’ থেকে নৌ-ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।
ইউক্রেনের প্রকাশ করা ভিডিওতে হামলার পর জাহাজে আগুন ও ধোঁয়া দেখা গেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
লিবিয়ার পূর্বাঞ্চল সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে রয়েছে। তার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে, দেশটির পশ্চিমাঞ্চল ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে।
রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তির আওতায় কয়েক দিন ধরে বেনগাজির নৌঘাঁটিতে অবস্থান করছিল মারকুরি। রাশিয়াগামী পণ্যবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়ার পাশাপাশি জ্বালানি ও অন্যান্য সরবরাহ নেওয়ার জন্য সেখানে থেমেছিল যুদ্ধজাহাজটি।
এদিকে হামলার ঘটনায় জাতিসংঘের তদন্ত চেয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার। তাদের প্রধানমন্ত্রী ওসামা হামাদ সন্দেহ প্রকাশ করেছেন, ড্রোনগুলো পশ্চিম লিবিয়া থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকতে পারে। সেখানে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতি রয়েছে কি না, তা-ও তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
লিবিয়ার উপকূলে হামলার এক দিন আগে শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার আরেকটি পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা টু’-তে ড্রোন হামলায় আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা সরবরাহকারী প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকা পরিচালিত জাহাজটিতে হামলার জন্য ইউক্রেনকে সম্ভাব্য দায়ী করেছে ফিনল্যান্ডের সামরিক বাহিনী। তবে কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।