স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ২০:৩৬ হালনাগাদ: ডিসেম্বর ২৮ ২০২৫, ১৯:৫১

ছুরিকাঘাতে হত্যার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

ছুরিকাঘাতে হত্যার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

তদন্ত কর্মকর্তারা এ হত্যার কারণ খতিয়ে দেখছেন।

প্রথমে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যা। তারপর একের পর এক ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেন ট্রাকচালক।

সন্তানের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টও করেন এ ব্যক্তি। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে করেন আত্মহত্যা।

মিসরের উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া বিভাগের নাবরোহ জেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে শনিবার জানায় গালফ নিউজ।

মিসরের পুলিশের বরাতে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ট্রাকচালক নিজের বাড়িতেই নৃশংস এ হত্যাকাণ্ড ঘটান।

তিন সন্তানকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পর স্ত্রীকে প্রায় ১০ মিনিট ধরে ছুরিকাঘাত করেন। ক্ষতবিক্ষত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই মৃত্যু হয় তার।

ঘটনার পর সন্তান হত্যাকারী ওই বাবা নাবরোহর পাশের জেলা তালখাহতে পালিয়ে যান।

সেখানে এক ফেসবুক পোস্টে সন্তানদের মৃত্যুর খবর জানিয়ে নিজেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তারা এ হত্যার কারণ খতিয়ে দেখছেন।