ক্যালিফোর্নিয়ার বিগ সার এলাকায় পাঁচ বছরের মেয়েকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন তার ৩৯ বছর বয়সী বাবা।
গ্যারাপাটা স্টেইট বিচে শুক্রবার প্রাণ হারান কানাডার ওই নাগরিক।
নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, সাগরে নামা মেয়েটি নিখোঁজ, তবে পানিতে নেমেও দুর্ঘটনার শিকার হয়নি তার মা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, মন্টেরে কাউন্টির হাইওয়ে ওয়ান সংলগ্ন সমুদ্রে ঘটনাটি ঘটে। সে সময় ১৫ থেকে ২০ ফুট জলোচ্ছ্বাস ছিল সাগরে।
বিশাল ঢেউ প্রশান্ত মহাসাগরে টেনে নিয়ে যায় পাঁচ বছরের শিশুটিকে। তাকে বাঁচাতে বাবা ইউজি হু এগিয়ে গেলে তাকে টেনে নিয়ে যায় ঢেউ।
মেয়েটির মাও সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে ব্যর্থ হন, তবে স্বামীর মতো অবস্থা না হওয়ায় তীরে ফিরতে সক্ষম হন এ নারী।
সৈকত এলাকায় থাকা এ দম্পতির দুই বছরের সন্তানটি অক্ষত ছিল।
মন্টেরে কাউন্টি শেরিফ অফিসের কমান্ডার আন্দ্রেস রোসাস বলেন, ‘তিনি পানিতে ঝাঁপ দিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। একইভাবে (শিশুটির) মাও পানিতে ঝাঁপ দেন।
‘আমাদের কাছে খবর আসে যে, একটা পয়েন্টে বাবা ধরে রেখেছিলেন মেয়েকে। মা তীরে ফিরতে সক্ষম হন।’
ঘটনার সময় সৈকত এলাকায় ছিলেন কর্মঘণ্টার বাইরে থাকা ক্যালিফোর্নিয়া স্টেইট পার্কস এলাকার একজন লাইফগার্ড।
তিনি সাগরে ভেসে যাওয়া হুকে টেনে তীরে তুলে বুক চেপে তার শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করেন।
পরবর্তী সময়ে হু ও তার স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হুকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
মেয়েটির মায়ের গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছিল। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে নিখোঁজ মেয়েটির সন্ধানে সমুদ্রে চলছে তল্লাশি।