


প্রকাশিত: নভেম্বর ২৭ ২০২৬, ১৪:৩৩

স্ক্রিনে প্রদর্শিত সাইবার কোডের সামনে হুড পরিহিত ব্যক্তির গ্রাফিক্স চিত্র। ছবি: রয়টার্স
আমেরিকার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ সাইবার হামলার শিকার হয়েছে। এতে সামরিক বাহিনীর কৌশলগত, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রগুলোর ভাষ্য, প্রায় এক মাস আগে প্ল্যাটফর্মটির আধুনিকায়নের কাজ চলার সময় হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে কারা এ হামলা চালিয়েছে, কতটা তথ্য ঝুঁকির মুখে পড়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত কার্যক্রম একটি প্ল্যাটফর্মের আওতায় আনা। এতে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি যুক্ত রয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং রসদ সরবরাহের মতো কাজ পরিচালিত হয়।
ক্লাউড ওয়ানের আওতায় থাকা গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর একটি হলো ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এর মাধ্যমে নর্থ আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ বিভিন্ন উৎসের তথ্য এক জায়গায় সংকলন করা হয়। আরেকটি ব্যবস্থা ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের ২০০টির বেশি আমেরিকান বিমানবাহিনীর স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখতে এটি ব্যবহৃত হয়।
সূত্রগুলোর দুজন জানিয়েছেন, ক্লাউড ওয়ান দেশের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা সামরিক বাহিনীর সাইবার নিরাপত্তা ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন।
হামলার পর প্ল্যাটফর্মে বিভিন্ন পরিবর্তন আনার কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও আপাতত তা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগে থেকে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে প্রকাশিত সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি সংশোধনের কাজ করতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা। কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছে। এটি মূলত ক্লাউড ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র। এর মাধ্যমে প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ও সেবা পরিচালনা করা যায়। হ্যাকাররা এ ধরনের প্রবেশাধিকার ব্যবহার করে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারত। তবে এবারের ঘটনায় তারা এমন কিছু করেছে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে, দেশের বিভিন্ন সরকারি সংস্থায় সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্য চুরি, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি ডিপার্টমেন্টে সাইবার হামলা।
