ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার আগে তার বিষয়ে তদন্তকারী সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে নিয়ে তদন্ত শুরু করেছে অফিস অব দ্য স্পেশাল কাউন্সেল।
অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছে বলে শনিবার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে স্বাধীন ফেডারেল সংস্থাটি।
অফিস অব দ্য স্পেশাল কাউন্সেলের ভাষ্য, হ্যাচ অ্যাক্টের, ফেডারেল কর্মীদের সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার ফেডারেল আইন, সম্ভাব্য লঙ্ঘনের জন্য স্মিথের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
স্মিথকে নিয়ে তদন্তের বিষয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক পোস্ট।
গোপন নথি সামলানো এবং ২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্পের চেষ্টার অভিযোগের বিষয়ে তদন্ত করতে স্মিথকে ২০২২ সালের নভেম্বরে নিয়োগ দেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
দুটি অভিযোগের কোনোটিতেই দোষ স্বীকার করেননি ট্রাম্প। তার দাবি, তিনি কোনো ধরনের অন্যায় করেননি।
উভয় ঘটনাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়, তবে গত বছর ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মামলাগুলো বন্ধ হয়ে যায়।
ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার কয়েক দিন আগে জানুয়ারিতে পদত্যাগ করেন স্মিথ।
আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন চলতি সপ্তাহে জ্যাক স্মিথের কর্মকাণ্ড নিয়ে তদন্তের আহ্বান জানান।
এ আইনপ্রণেতার অভিযোগ, ট্রাম্পের ত্বরিত বিচারের জন্য তাগিদ দিয়েছিলেন স্মিথ।