মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩০
ছবি: এআই-জেনারেটেড (প্রতীকী)
- 0

ছবি: এআই-জেনারেটেড (প্রতীকী)

প্রকাশিত: নভেম্বর ২৮ ২০২৬, ১৭:১৯

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল ও বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নবজাতক ও কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবারের এ হামলায় নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর নয়জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও এনইউজির মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বিরোধী জোট ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধ মঠের প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলাটি হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছিল।
এনইউজির মুখপাত্র নে ফোন লাট ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান হামলা ও গোলাবর্ষণে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া বিদ্রোহী বাহিনীর নয়জন সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ওই এলাকায় সক্রিয় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির মধ্য দিয়ে যাতায়াত করতেন। তবে সামরিক বাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, হামলার লক্ষ্য ছিল একটি সমাবর্তন অনুষ্ঠান ও বিদ্রোহী যোদ্ধাদের সমাবেশ।
শনিবার পর্যন্ত এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দেশটির সরকারের কাছ থেকেও রয়টার্স তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি। হতাহতের সংখ্যা ও হামলার বিবরণও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
এনইউজির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটির সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা। তবে এসব পরিসংখ্যানও বিরোধী জোটের নিজস্ব নথির ভিত্তিতে দেওয়া।
এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হামলাটিকে যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের জন্য হামলার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। একই সঙ্গে জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর হিসাবে, এ সংঘাতে প্রায় ১ লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
স্কুলে এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে রায় দিয়েছেন।
