হাইওয়েতে যুদ্ধবিমান নামানোর মহড়া চালাল ভারত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২ ২০২৫, ১৯:০৫

মহড়ার সময় হাইওয়ের কাছে ভারতের একটি যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

মহড়ার সময় হাইওয়ের কাছে ভারতের একটি যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

  • 0

এ মহড়ায় অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ-২০০০, সুখোই-৩০, মিগ-২৯ এবং সামরিক পরিবহন বিমান সি-১৩০জে সুপার হারকিউলিস।

জম্মু-কাশ্মীরে প্রাণঘাতী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে শুক্রবার উত্তর প্রদেশের একটি হাইওয়েতে যুদ্ধবিমান নামানোর মহড়া চালিয়েছে ভারত।

রয়টার্স জানায়, এ মহড়ায় অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ-২০০০, সুখোই-৩০, মিগ-২৯ এবং সামরিক পরিবহন বিমান সি-১৩০জে সুপার হারকিউলিস।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এটি দেশটির একমাত্র হাইওয়ে এয়ারস্ট্রিপ, যেখানে রাতে বিমান অবতরণ করা যাবে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৬ জন নিহত হয়।

ওই হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

ভারতের অভিযোগ, কাশ্মীরে সন্ত্রাসবাদে অর্থের জোগান ও উসকানি দিচ্ছে পাকিস্তান।

এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

পেহেলগামে হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। দেশটি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করে।

উভয় দেশই একে অপরের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়।

দুই দেশের সীমান্তরেখা বরাবর গোলাগুলিও হয়েছে।