প্রকাশিত: নভেম্বর ২৩ ২০২৬, ১৬:৫৭ হালনাগাদ: নভেম্বর ২৩ ২০২৬, ১৬:৫৮
ইয়েমেনের হোদাইদাহে বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স
0
সোমবার (২৩ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা এই তথ্য জানানো হয়। হুথিদের অভিযোগ, ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলা চালিয়েছে
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি সরকারি ভবনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা। সোমবার (২৩ নভেম্বর) হুথি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হুথি সরকারের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভবনে এই হামলা চালায় সৌদি জোট। এছাড়াও রাতভর বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি হুথিদের।
তবে এ বিষয়ে সৌদি জোট তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি। ঘটনার পর ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। অন্যদিকে হোদেইদার পাশাপাশি ইয়েমেনের আরো কয়েকটি ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা ও তীব্র সংঘাত অব্যাহত রয়েছে। তাইয, মা’রিব, আল-জাওফ এবং লাহয এলাকায় লড়াইয়ের খবর পাওয়া গেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, সৌদি জোটের বিমান সহায়তায় সরকারি বাহিনী হুথিদের ৬৩৯টি লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযানের মধ্যে ২৪টি বিমান হামলা, ৫৬০টি কামানের গোলাবর্ষণ, ২৮টি রকেট লঞ্চার হামলা এবং ২৭টি ড্রোন অভিযান অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে লাহয গভর্নরেটের আল-মাকাতিরা জেলায় একাধিক যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় হতাহতের খবর দিয়েছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। সেখানে একটি বাস এবং তিনটি পরিবহন ট্রাক হামলার শিকার হয়েছে বলে জানানো হলেও হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট তাইয মিলিটারি অ্যাক্সিস মিডিয়া সেন্টার জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর অনুগত সেনারা তাইযের কাছে তিনটি বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হুথিদের একটি অস্ত্রাগার ও একটি সাঁজোয়া যান।
তাইয শহরের পূর্বাঞ্চলের দুটি স্থানে এসব হামলা হয়। এর আগে শহরের পশ্চিমাঞ্চলে হুথিদের অতিরিক্ত সেনা মোতায়েনের বিরুদ্ধেও অভিযান চালানোর দাবি করা হয়েছে।
গত অক্টোবরের শুরু থেকে তাইজ শহর হুথিদের অবরোধে রয়েছে, যার ফলে পানি, খাদ্য ও ওষুধের সংকটে সেখানে মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে।