দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমেরিকান কোম্পানিগুলোর জন্য ১৭ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্যিক চুক্তি ও কৌশলগত বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দিনের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন শেষে ট্রাম্প ফেরার পর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এসব চুক্তির মধ্যে সবচেয়ে বড়টি হলো ফিলিপাইনের বিমান সংস্থা ফিলিপাইন এয়ারলাইনসের সঙ্গে বোয়িং ও জিই অ্যারোস্পেসের ১২ বিলিয়ন ডলারের চুক্তি। এর আওতায় ২০টি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ কিনবে ফিলিপাইন এয়ারলাইনস।
এ ছাড়া ফিলিপাইনের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ২ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। দক্ষিণ চীন সাগরে দেশটির সামরিক কার্যক্রমে সহায়তার জন্য ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার কথাও জানিয়েছে আমেরিকা।
ফিলিপাইনের সুবিক উপসাগরে ৪০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি জ্বালানি সংরক্ষণাগার নির্মাণ করবে আমেরিকান প্রতিষ্ঠান সুবিক গ্রেইন। পাশাপাশি সামরিক প্রবেশাধিকার, দুর্যোগ মোকাবিলা ও সরবরাহব্যবস্থা উন্নত করতে বাসকো বিমানবন্দর আধুনিকায়ন করবে ফিলিপাইন।
অন্যদিকে, আমেরিকার তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) কিনতে ১২৩ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করার পরিকল্পনা করছে থাইল্যান্ড। চুক্তিটি সম্পন্ন হলে মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের প্রথম অস্ত্র বিক্রির চুক্তি হতে পারে।
ইন্দোনেশিয়ায় আমেরিকান প্রতিষ্ঠান ল্যাটিটিউড এনার্জি এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিল দানান্তারা ২ বিলিয়ন ডলারের একটি কয়লা প্রকল্প নিয়ে আলোচনা করছে। এতে আমেরিকান প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এদিকে, মালয়েশিয়ার জাতীয় বিদ্যুৎ সংস্থা তেনাগা ন্যাশনাল বারহাদের একটি সহযোগী প্রতিষ্ঠানে তিন বছর ধরে কয়লা সরবরাহের জন্য ১০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আমেরিকার নাভাজো ট্রানজিশনাল এনার্জি কোম্পানি।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি খাতেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়া ও ব্রুনেইয়ের এআই উন্নয়ন কর্মসূচিতে সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
ব্রুনেইয়ে ডেটা সেন্টার নির্মাণের একটি প্রকল্পে আমেরিকান প্রতিষ্ঠান ভার্টিভকে কাজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে আমেরিকার সরবরাহকারীদের কাছ থেকে প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা কেনা হতে পারে।
এ ছাড়া মালয়েশিয়া সরকারের নিজস্ব এআই ক্লাউড অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে একটি আমেরিকান জোট। এ উদ্যোগে ৫০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
এসব চুক্তির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমেরিকার ব্যবসায়িক স্বার্থ সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে চায় ট্রাম্প প্রশাসন।