ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল ভাইরাস ইবোলা সংক্রমিত রোগীর সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ৫,৯০৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ইবোলা সংক্রমিত রোগীর সংখ্যা অন্তত ১২,০২১ জনে পৌঁছেছে। একইসঙ্গে , প্রাণঘাতী এ ভাইরাসে ৫,৯০৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন, পূর্ব কঙ্গোতে দেশটির সরকারি বাহিনী ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে ওই অঞ্চলে ইবোলার সংক্রমণ রোধ কঠিন হয়ে পড়েছে। ফলে, ভাইরাসের বিস্তার ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দেশটির স্বাস্থ্যখাত অতিরিক্ত চাপের মুখোমুখি হচ্ছে।
জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী কনভেনশন ফর দ্য পপুলার রেভোলিউশন-সিআরপির সদস্যদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। যার ফলে বেসামরিক নাগরিকরা বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি ইবোলা মোকাবিলায় সেখানে অবস্থানরত অনেক স্বেচ্ছাসেবকরাও ফেরত এসেছেন। প্রদেশটি কঙ্গোর ইবোলা আক্রান্ত এলাকাগুলোর মধ্য অন্যতম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইবোলা পরিস্থিতি ব্যবস্থাপক ক্যাথরিন স্মলউড বলেছেন, ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়ার উত্তর-পূর্বে অবস্থিত আকওয়ের একটি হাসপাতালে তীব্র গোলাগুলির মধ্যে ৩ দিন আটকা পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন কর্মী ও কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রায় এক ডজন মানুষকে বুনিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, চলতি বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে দেশটিতে ইবোলা সংক্রমণের ঘোষণা দেয় কঙ্গোর সরকার। সংক্রমণের শুরু থেকেই সশস্ত্র গোষ্ঠীর সংঘাতস্থল উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ‘ইবোলা ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত হয়েছে।