প্রথমবারের মতো সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী দিনে প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের বিদায় ও শুভকামনা জানান এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি।”
এ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বিদেশে যাওয়ার জন্য কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না। নিয়োগকারী
প্রতিষ্ঠানই কর্মীদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় খরচ বহন করছে। ফলে বিদেশে চাকরি পেতে ঋণ করা, জমি বিক্রি করা কিংবা দালালের পেছনে বিপুল অর্থ ব্যয় করার চাপ থেকে মুক্ত থাকার সুযোগ তৈরি হচ্ছে কর্মীদের জন্য।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রথম ধাপের ১১২ জন কর্মী নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত বেতনে কাজ করবেন। তাদের চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ দেশের বিদেশগামী কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ কমিয়ে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।