হ্যারি কেইন ও বুকায়ো সাকার জোড়া গোলে নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। শনিবার (৩ অক্টোবর) রিজেকায় অনুষ্ঠিত এই ম্যাচে তিনটি গোলে অ্যাসিস্ট এবং একটি গোল করেছেন জুড বেলিংহ্যামও।
অ্যান্থনি গর্ডন ও বদলি খেলোয়াড় মরগ্যান রজার্সও ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পান। ম্যাচজুড়ে গতি ও আক্রমণাত্মক ফুটবলে ক্রোয়েশিয়াকে চাপে রাখে ইংল্যান্ড।
সাত মিনিটের কিছু পরেই ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। জোসকো গভার্দিওল বল হারানোর পর বেলিংহ্যামের পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক।
২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। গর্ডন সাকার ক্রস ফিরিয়ে দিলে সেখান থেকে গোল করেন তিনি। ৩৯ মিনিটে জ্যারেল কোয়ানসার ক্রস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে ইংল্যান্ডের তৃতীয় গোল করেন গর্ডন।
বিরতির এক মিনিট আগে বেলিংহ্যামের ক্রসে অরক্ষিত অবস্থায় থাকা সাকা গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন।
৫৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের নিচু ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ার বক্সের মধ্যে জোসিপ স্তানিসিচের ভুল পাস থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন সাকা।
ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বেলিংহ্যামের পাস থেকে গোল করে ইংল্যান্ডের ৭-০ ব্যবধানের জয় সম্পন্ন করেন রজার্স।
এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ ‘এ’, গ্রুপ-৩-এ দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। নয় পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেইন। ক্রোয়েশিয়ার পয়েন্ট তিন, আর চেক প্রজাতন্ত্র এখনো পয়েন্টহীন।
জোড়া গোল করে কেইনের আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৪ ম্যাচে ৮৯টি, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী পিটার শিল্টনের চেয়ে এখন মাত্র এক ম্যাচ পিছিয়ে তিনি। মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেললে শিল্টনের রেকর্ডে ভাগ বসাতে পারেন কেইন।