সিয়াম সাধনার মাস রমজানের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।
এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির বরাতে গালফ নিউজ শুক্রবার জানায়, আগামী রমজান শুরুর সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রোজার চাঁদের জন্ম হবে দেশটির স্থানীয় সময় বিকেল চারটা এক মিনিটে। এটি সূর্যাস্তের ঠিক এক মিনিট পর অস্ত যাবে। এর অর্থ হলো ওই সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব।
তিনি জানান, এসব কারণে রোজা শুরুর দিন বৃহস্পতিবার হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে চাঁদ দেখা কমিটি।
আল জারওয়ান জানান, আবু ধাবিতে শুরুর দিকে রোজায় পানাহার বর্জনের সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। এটি ধীরে ধীরে বেড়ে মাসের শেষে গিয়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। কারণ দিনের সময় ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে হবে ১২ ঘণ্টা ১২ মিনিট।
এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির চেয়ারম্যানের মতে, রমজানের শুরুতে আবু ধাবির তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রোজার শেষের দিকে তা বেড়ে ১৯ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এ ছাড়া রমজানজুড়ে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।