ব্রিটেনের লন্ডন থেকে অ্যামেরিকার শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট আয়ারল্যান্ডের আকাশসীমায় থাকাকালে জরুরি অবস্থা ঘোষণা করলে বিমানটি গন্তব্য পরিবর্তন করে লন্ডনের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি বিএ২৯৫ ফ্লাইট হিসেবে আজ সোমবার লন্ডন থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করেছিল। আয়ারল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটির ট্রান্সপন্ডারে ৭৭০০ কোড দেখা যায়। বিমান চলাচলে এই কোড সাধারণ জরুরি পরিস্থিতির সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার পরপর বিমানটি আয়ারল্যান্ডের আকাশে প্রায় ৯,০০০ ফুট উচ্চতায় নেমে আসে। বিমান চলাচলের ক্ষেত্রে কোনো উড়োজাহাজ দ্রুত নিচু উচ্চতায় নেমে এলে সেটি কখনো কখনো কেবিনের চাপ কমে যাওয়ার বা ডিপ্রেশারাইজেশনের মতো পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
তবে বিএ২৯৫ ফ্লাইটের ক্ষেত্রে ঠিক কী কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।