নিউ ইয়র্ক সিটিতে একটি উচ্ছেদবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন সিটির কাউন্সিলম্যান চি অসে।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার সকালে জেফারসন ও নস্ট্র্যান্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে বিক্ষোভ চলাকালীন গ্রেপ্তার হন অসে।
নিউ ইয়র্ক সিটি পুলিশ- এনওয়াইপিডি জানিয়েছে, তার বিরুদ্ধে সরকারি কার্যক্রমে বাধা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাকে একটি ‘ডেস্ক অ্যাপিয়ারেন্স টিকিট’ দিয়ে ভবিষ্যতের শুনানির জন্য মুক্তি দেওয়া হবে।
বিক্ষোভের মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়, অসেকে প্রথমে মাটিতে আছড়ে ফেলা হয় এবং পরে আটক করা হয়।
কাউন্সিলম্যানের দাবি, নিজ এলাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে উচ্ছেদের শিকার হওয়া বাসিন্দাদের রক্ষা করতে বিক্ষোভে গিয়ে গ্রেপ্তার হন তিনি।
অসে অভিযোগ করেন, সম্পদ জালিয়াতির মাধ্যমে উচ্ছেদ মূলত সিটির বেড-স্টাই এলাকায় কৃষ্ণাঙ্গ বাড়ি মালিকদের বাস্তুচ্যুত করার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
কাউন্সিলম্যানের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।
তিনি বলেন, ‘শুধু গ্রেপ্তারের ঘটনাই নয়, এর পেছনে বিক্ষোভ-প্রতিবাদের কারণও খতিয়ে দেখতে হবে।’
‘প্রতারণার মাধ্যমে সম্পদ দখলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অসে, যা তার এলাকায় একটি বড় সমস্যা,’ যোগ করেন মামদানি।
অসে ছাড়াও বিক্ষোভ থেকে অনির্দিষ্টভাবে গ্রেপ্তার হন আরও কয়েকজন। ঘটনাটি এখন তদন্তাধীন।