রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে স্টারলিংক পরিষেবা সীমিত করে ড্রোনের অচলাবস্থা তৈরির জন্য স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বুধবার অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিচ্ছে। অন্যদিকে স্টারলিংকের গতির সাথে সম্পর্কিত ড্রোনগুলোতে নেটওয়ার্ক পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, স্পেসএক্স কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই দ্রুতগতিতে চলা সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক টার্মিনালগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর ফলে ড্রোনের দিকনির্দেশনা দিতে এসব টার্মিনাল ব্যবহার করতে পারছে না কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ সামাজিক মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে লিখেন, “আমাদের প্রতিরক্ষা বাহিনীকে এই সীমাবদ্ধতার বিষয়ে কোনো আগাম সতর্কতা দেওয়া হয়নি। এর ফলে কয়েকটি সামরিক অভিযান ব্যাহত হয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে অভিহিত মাস্কের বিরুদ্ধে দেশটির জন্য যুদ্ধক্ষেত্রে সামরিক ক্ষমতা সংকুচিত করার অভিযোগ এমন সময় এল, যখন ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার তেল শোধোনাগারে হামলা স্থগিত করতে বলেছেন। সেইসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কিকে পদত্যাগ করতে প্রকাশ্যে মন্তব্য করছেন।
রয়টার্স আরও জানায়, অ্যামেরিকায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় নিশ্চিত করতে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহের চুক্তি করেছেন ট্রাম্প। চুক্তির পরপর জেলেনস্কিকে পদত্যাগের কথা বলে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে রাশিয়া ও ইউক্রেন, দুই দেশ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে-এমন একটি ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে দুই দেশের কর্তৃপক্ষ এ ঘোষণার সত্যতা নিশ্চিত করেনি।