স্পেনের জাতীয় নির্বাচনের আগে ডানপন্থীদের ক্ষমতায় আসা ঠেকাতে শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার (২৭ নভেম্বর মাদ্রিদে নির্বাচনী প্রচারের শেষ সমাবেশে তিনি ভোটারদের ব্যাপকভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের জোট সরকার গঠন করলে স্পেনের সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং জনসেবা খাত ক্ষতিগ্রস্ত হবে।
আগামী রোববার, ২৯ নভেম্বর স্পেনে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আট বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী সানচেজের জন্য এই নির্বাচন বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। জনমত জরিপগুলোতে তাঁর দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) চেয়ে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এগিয়ে রয়েছে। দলটি নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে তাদের উগ্র ডানপন্থী দল ভক্সের সমর্থন প্রয়োজন হতে পারে।
মাদ্রিদের শেষ নির্বাচনী সমাবেশে সানচেজ বলেন, ‘এই নির্বাচন স্পেনকে সামনে এগিয়ে নেওয়ার, পেছনে ফিরিয়ে নেওয়ার নয়।’ লাল টি-শার্ট পরা সানচেজ সমর্থকদের উদ্দেশে বলেন, প্রগতিশীল শক্তির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ এখনো রয়েছে। এ জন্য ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে অস্কারজয়ী স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভারও উপস্থিত ছিলেন।
সানচেজ সতর্ক করে বলেন, পিপি ও ভক্সের সম্ভাব্য জোট সরকার তাঁর সরকারের সময় অর্জিত সামাজিক অগ্রগতি উল্টে দিতে পারে। বিশেষ করে জনসেবা খাতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। নির্বাচনী প্রচারে তিনি ডানপন্থীদের নীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির তুলনাও করেছেন। অভিবাসন ও সামাজিক নীতিতে নিজের সরকারের অবস্থানকে রক্ষণশীল রাজনীতির বিপরীতে তুলে ধরেছেন তিনি।
তবে পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সানচেজের প্রচারকে ‘ভয় দেখানোর কৌশল’ বলে সমালোচনা করেছেন। শুক্রবার সেভিয়ায় দলের শেষ নির্বাচনী সমাবেশে তিনি বলেন, কোনো সরকারের কাছে ভয় ছাড়া দেওয়ার মতো কিছু না থাকলে বুঝতে হবে, তাদের আর কিছু দেওয়ার নেই। তিনি নিজেকে দেশ পরিচালনার জন্য অভিজ্ঞ প্রার্থী হিসেবে তুলে ধরেন। ২০২৩ সালের নির্বাচনে পিপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি ফেইহো।
অন্যদিকে, ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল ভ্যালেন্সিয়ায় সমাপনী সমাবেশে সমর্থকদের ভয় থেকে নয়, সাহসের সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি সানচেজ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন। ভক্স অভিবাসনবিরোধী অবস্থান ও জাতীয়তাবাদী রাজনীতিকে নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ করেছে।
নির্বাচনে আবাসকালের দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, পিপি ও ভক্স একসঙ্গে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে। এমনটি হলে স্পেনের গণতন্ত্রে উত্তরণের পর প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে সরকারে উগ্র ডানপন্থীদের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হবে।
নির্বাচনী প্রচারে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন ও দুর্নীতির অভিযোগ প্রধান ইস্যু হয়ে উঠেছে। দেশটির অর্থনীতি ইউরোপের অনেক দেশের তুলনায় দ্রুত বাড়লেও আবাসন ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ রয়েছে। বাড়িভাড়া ও বাড়ির দাম বেড়ে যাওয়ায় বিশেষ করে তরুণদের জন্য আবাসন পাওয়া কঠিন হয়ে পড়েছে। সানচেজ সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সুরক্ষার অগ্রগতির কথা তুলে ধরলেও বিরোধীরা জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে।
শুক্রবারের প্রচার শেষে শনিবার স্পেনে নির্বাচনী প্রচার ও রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ থাকবে। দেশটিতে একে ভোটের আগের ‘নীরবতার দিন’ বলা হয়। রোববার ভোটের মাধ্যমে পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৫০টি আসনের প্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে সানচেজের সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকবে, নাকি রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের নতুন জোট সরকার গঠিত হবে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এএফপি।