ইরান-অ্যামেরিকার সংঘাতে নতুন কোনো উত্তেজনা পুরো অঞ্চলে আরো বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে উদ্বেগ জানিয়েছেন ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি। শনিবার বাহরাইনে চলমান ‘আই.আই.এস.এস মানামা ডায়লগ’ নিরাপত্তা সম্মেলনে তিনি কূটনৈতিক সংলাপের ওপর জোর দেন।
আব্দেলাত্তি বলেন, সম্ভাব্য এই সংঘাত জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক স্থাপনাগুলোকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। কাতারের মধ্যস্থতায় নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও নিষেধাজ্ঞা তুলে নেয়া ও পারমাণবিক আলোচনা নিয়ে এখনো দুইপক্ষের মধ্যে মতপার্থক্য বজায় রয়েছে। যা নিয়ে পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
ইজিপশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উত্তেজনা প্রশমিত করা এবং সংলাপ ও কূটনীতিকে উৎসাহিত করার দিকে আমাদের জোর দিতে হবে। সংঘাতে নতুন করে কোনো উত্তেজনা তৈরি হলে তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। এটি আরো বেশি ধ্বংসাত্মক রূপ নেবে এবং শুধু খাদ্য ও জ্বালানি নিরাপত্তাই নয়, বরং এই সমগ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলোর ওপর অত্যন্ত বিপজ্জনক প্রভাব ফেলবে।’