ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্যাটেলাইট দখল করা হয়েছে।
ইউরো নিউজ জানায়, স্যাটেলাইট দখলের পর রোববার রাতে বেশ কয়েকটি চ্যানেলে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহলভি ইরানের সামরিক বাহিনীর উদ্দেশে বার্তা দিচ্ছেন।
ইরানি পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি তাদের অস্ত্র নামিয়ে রেখেছেন।
সেই সঙ্গে পাহলভি বার্তা দিচ্ছেন, ‘এই বার্তা সেনাবাহিনী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি।
আপনাদের অস্ত্র নিজের লোকদের ওপর তাক করবেন না। ইরানের স্বাধীনতার জন্য দেশের জনগণের সঙ্গে যুক্ত হন।‘
রাষ্ট্রীয় টেলিভিশন দখলের বিষয়ে ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানায়, কিছু এলাকায় স্যাটেলাইট সংযোগ দখল হয়েছিল। তবে এ কাজের সঙ্গে কে বা কারা সরাসরি জড়িত টা নিশ্চিত নয়।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ভিডিও সম্প্রচারের বিষয়টি স্বীকার করেছেন পাহলভি। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
১৯৭৯ সালে ইসলামি দল ইরানের ক্ষমতা গ্রহণের পর নির্বাসিত হন রেজা পাহলভি। দীর্ঘ সময় ধরে অ্যামেরিকায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি।
এখন ইরানে চলমান ইসলামি প্রজাতন্ত্র সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে নতুনভাবে আলোচনায় এসেছে তার নাম।