সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে কিশোর ও তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে টিকটক। জনপ্রিয় এ মাধ্যমের যেকোনো ট্রেন্ডে গা ভাসিয়ে দেন অনেকে।
সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে কিশোর টিকটকার কর্তৃক চলমান এক নির্মম ট্রেন্ডের বলি হয়েছেন এক ব্যক্তি।
সংবাদমাধ্যম সিবিএস নিউ ইয়র্ক জানায়, গত সোমবার টাইমস স্কয়ারের কাছে ওয়েস্ট ফোরটি থার্ড স্ট্রিটে ৩৯ বছর বয়সী লিওনিদাস বায়েজকে ছুরিকাঘাতে হত্যা করে তিন সন্দেহভাজন।
ওই ঘটনায় আটক এক সন্দেহভাজন ১৭ বছর বয়সী জেডেন সানচেজের দাবি, হত্যাকাণ্ডটি ছিল একটি টিকটক ট্রেন্ডের অংশ, যেখানে মাদকাসক্ত কিংবা গৃহহীন ব্যক্তির ওপর হামলা করা হয়।
সিসিটিভির বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার দিন ভুক্তভোগী বায়েজ ঘটনাস্থলে ঘুমিয়েছিলেন। ওই সময় রাত প্রায় সাড়ে এগারোটার দিকে তাকে ঘিরে ধরে তিনজনের একটি দল।
তাদের মধ্যে একজন বায়েজকে জাগিয়ে তোলেন, অপর একজন ধাওয়া করেন এবং সর্বশেষ একজন ছুরিকাঘাতে হত্যা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিহতের বোন ক্যাটালিনা বায়েজ জানান, শুধু টিকটক ট্রেন্ড অনুকরণ করতে এ ধরনের হত্যাকাণ্ড, অত্যন্ত ঘৃণ্য।
ক্যাটালিনা জানান, হত্যার শিকার বায়েজ কোনো গৃহহীন বা মাদকাসক্তও ছিলেন না। বরং তিনি ছিলেন স্বাধীনচেতা ও হিপি জীবনধারায় বিশ্বাসী। নিজের মতাদর্শ অনুযায়ী সেদিন রাস্তায় ঘুমাচ্ছিলেন তিনি।
হত্যাকাণ্ডের ঘটনায় আটক সানচেজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।