জর্জিয়া স্টেইটে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ভোটে গভর্নর, মার্কিন সেনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বেছে নিতে ভোট দিচ্ছেন নিবন্ধিত ভোটাররা।
সিবিএস নিউজ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান রিক জ্যাকসন। অন্যদিকে, সেনেটের আসন ধরে রাখতে বর্তমান ডেমোক্র্যাট সেনেটর জন অসফের বিরুদ্ধে লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্স।
এছাড়া সেক্রেটারি অব স্টেইট, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমোরি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আন্দ্রা গিলেস্পির মতে, সেনেট নির্বাচন অ্যামেরিকার কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে সেনেটে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৭টি আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের নিজেদের বর্তমান আসন ধরে রাখার পাশাপাশি আরও চারটি আসন পেতে হবে।
জর্জিয়া সেক্রেটারি অব স্টেইটের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত মে মাসের প্রাথমিক নির্বাচনে ২০ লাখের বেশি ভোটার অংশ নিয়েছিলেন, যা স্টেইটটির সক্রিয় ভোটারের প্রায় ২৮ শতাংশ।
আগাম ভোট চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এ সময় ১৭ ও ২৪ অক্টোবর শনিবারও ভোট দেওয়ার সুযোগ থাকবে। তবে ভোটকেন্দ্র ও সময়সূচি কাউন্টিভেদে আলাদা হওয়ায় ভোটারদের আগেই তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল নির্বাচন।