ব্যস্ততম সড়কে চলছে গাড়ি। হঠাৎ ধসে পড়ল একটি সেতু। একের পর এক গাড়ি পড়ে গেছে নদীতে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গুজরাটের ভদোদরার মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু ধসে পড়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।জীবিত উদ্ধার করা হয়েছে নয় জনকে। এই সেতু ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।
সেতুটি ভেঙে পড়ায় দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান, একটি অটোরিকশা, একটি বোলেরো এসইউভি পানিতে তলিয়ে গেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে নদীতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে চিৎকার করতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায়, তারপরই সেতুর একটি অংশ ভেঙে যানবাহনগুলো পানিতে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও ভদোদরা জেলা প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যোগ দেন।
ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া জানিয়েছেন, ৪৩ বছরের পুরোনো এই সেতু গত বছর মেরামত করা হয়েছিল। সড়ক ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলীরা ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধারকাজ শেষ হলে সেতু সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হবে।
স্থানীয়দের অভিযোগ, মধ্য গুজরাটকে সৌরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। অনেকবার সতর্ক করার পরও সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা উপেক্ষা করা হয়েছে। এটি শুধু দুর্ঘটনার জন্য নয়, আত্মহত্যার জায়গা হিসেবেও কুখ্যাত।