কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চীনা কোম্পানি চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে এ ব্যয় দাঁড়াবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জিটুজি চুক্তির আওতায় চীনা প্রতিষ্ঠান সিএনইইর দাখিল করা দর প্রস্তাবটি অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে। পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মহেশখালীর কুতুবজোমে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে আমদানি করা এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।