আইওয়ায় পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের অনুমতি দিল আদালত, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
আদালতে রায় পাঠের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন
- 0

আদালতে রায় পাঠের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৬, ১৪:৩৮

আইওয়া স্টেটে একটি সামরিক গোলাবারুদ কারখানায় প্রায় পাঁচ টন ক্ষয়প্রাপ্ত বিস্ফোরক ধ্বংসের অনুমতি দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় পরিবেশবাদী সংগঠনগুলোর করা আবেদন খারিজ করে সোমবার এ আদেশ দেয় আদালত।
আদালতের আদেশের ফলে আগামী বুধবার আইওয়ার মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে প্রায় ৬৮টি ব্যারেলে সংরক্ষিত লেড অ্যাজাইড (সিসা অ্যাজাইড) ধ্বংসের পথ খুলেছে। কারখানাটি আইওয়া ও ইলিনয় স্টেটের সীমান্তের কাছে অবস্থিত।
এইটথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস তিন বিচারকের একটি প্যানেল পরিবেশবাদী সংগঠনগুলোর আবেদন খারিজ করে দেন। সংগঠনগুলো বিস্ফোরণ পরিচালনার অনুমতি দিয়ে এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) জারি করা জরুরি অনুমতিকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল।
আদালতের রায়ে বলা হয়েছে, ক্ষয়প্রাপ্ত লেড অ্যাজাইডের পরিকল্পিত বিস্ফোরণে বাস্তব ঝুঁকি রয়েছে। তবে এসব বিস্ফোরক অনিয়ন্ত্রিতভাবে নিজে থেকেই বিস্ফোরিত হওয়ার আশঙ্কাও রয়েছে। সে ক্ষেত্রে পরিকল্পিত বিস্ফোরণের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর করার সুযোগ থাকবে না।
এর আগে গত ২০ নভেম্বর বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা থাকলেও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে তা তিন দফা পিছিয়ে দেওয়া হয়। এ ছাড়া সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের যথাযথভাবে তথ্য না জানানোর অভিযোগও উঠেছে।
আইওয়ার স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বাতাসে ধুলার মেঘ ছড়িয়ে পড়তে পারে। এতে বিষাক্ত ধাতু সিসার কণা থাকতে পারে। এসব কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে কিংবা আশপাশের বিভিন্ন পৃষ্ঠে জমে থাকা সিসার ধুলার সংস্পর্শে এলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তবে সেনাবাহিনীর দাবি, তাপমাত্রা কমে যাওয়ায় বিস্ফোরকগুলো নিজে থেকেই বিস্ফোরিত হওয়ার ঝুঁকি বেড়েছে। দুই দশকের বেশি সময় ধরে সংরক্ষিত থাকার কারণে রাসায়নিক যৌগটি এতটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে যে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়াও বিপজ্জনক।
এদিকে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি সেনাবাহিনীকে বিস্ফোরণ স্থগিত রাখতে বলেছিলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আইওয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর রব স্যান্ডের বিষয়টিও বিবেচনায় থাকবে। আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবেন স্যান্ড। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, বিস্ফোরণ ঘটাতে আরও দেরি হলে বড় ধরনের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
আদালতের রায়ের পর সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রব স্যান্ড বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত কয়েক মাস আগে এ কাজের দায়িত্ব দিয়ে যেসব বিশেষজ্ঞকে সেখানে পাঠানো হয়েছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এসব বিশেষজ্ঞ কয়েক সপ্তাহ ধরে মিডলটাউনে অবস্থান করছেন।
স্যান্ড আরও বলেন, মিডলটাউন কীভাবে এমন পরিস্থিতিতে পড়ল, তা জানার অধিকার স্থানীয় বাসিন্দাদের রয়েছে। একই সঙ্গে প্রশাসন কেন এই পদ্ধতিকে সবচেয়ে উপযুক্ত সমাধান মনে করছে, সেটিও তাদের জানানো প্রয়োজন। এ বিষয়ে যত দ্রুত সম্ভব জনসাধারণের কাছে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।
