আইস কর্মকর্তাকে টেনেহিঁচড়ে নিল চালক, পাল্টা গুলিতে মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ৬:৫১ হালনাগাদ: ফেব্রুয়ারি ১০ ২০২৬, ১৪:১১

নিহত ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন বলে দাবি আইসের। ছবি: কলোরাডো স্প্রিং গ্যাজেট

নিহত ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন বলে দাবি আইসের। ছবি: কলোরাডো স্প্রিং গ্যাজেট

  • 0

আইস জানায় ঘটনার পর আহত কর্মকর্তা ও চালক দু’জনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় আহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

শিকাগোর শহরতলিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ভয়াবহ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার এড়াতে গাড়ি চালিয়ে পালাতে যান ওই সন্দেহভাজন ব্যক্তি।

এসময় তাকে ধরতে যাওয়া আইস কর্মকর্তাকে গাড়ির সাথে টেনে হিঁচড়ে নিয়ে যান তিনি। প্রাণঘাতী পরিস্থিতিতে অপর এক কর্মকর্তা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম সিলভেরিও ভিলেগাস-গনজালেজ বলে জানায় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এপি জানায়, শিকাগোর পশ্চিমে প্রায় ১৮ মাইল দূরে, মূলত হিস্পানিক অধ্যুষিত ফ্র্যাংকলিন পার্কে এ ঘটনা ঘটে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্ট্মেন্ট এক বিবৃতিতে জানায়, নিহত গনজালেজের বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ইতিহাস রয়েছে এবং ওই ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন। আইস কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন।

তবে গনজালেজ কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে গাড়ি চালিয়ে তাদের আক্রমণ করেন এবং এক কর্মকর্তাকে গাড়ির সাথে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন। জীবন বিপন্ন অবস্থায় অপর কর্মকর্তা এসময় গনজালেজকে লক্ষ্য করে গুলি চালান।

আইস জানায় ঘটনার পর আহত কর্মকর্তা ও চালক দু’জনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় আহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের আইন প্রয়োগকারী কর্মকর্তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। তিনি তার প্রশিক্ষণ অনুসরণ করে যথাযথ শক্তি প্রয়োগ করেছেন এবং জনসাধারণ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করেছেন।

ইলিনয় স্টেট গভর্নর জে বি প্রিটজকার বলেছেন, তিনি গুলির ঘটনা সম্পর্কে অবগত আছেন। ঘটনার বিস্তারিত তথ্যের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আইন প্রয়োগকারী সংস্থার একাধিক গাড়ি এলাকাটি ঘিরে রেখেছে।

গ্রীষ্মের শুরুতে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতাড়ন অভিযানের মধ্যে আইসের গ্রেপ্তার এড়াতে গিয়ে কমপক্ষে দুজন মারা গেছেন।

ইলিনয় প্রতিনিধি নর্মা হার্নান্দেজ এই গুলির ঘটনাকে একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন এবনহ নিহত ব্যক্তিকে দোষারোপ করায় আইস কর্মকর্তাদের সমালোচনা করেন।