জাতি পুনর্গঠনের কাজে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস । শনিবার বাংলাদেশি কমিউনিটি নিয়ে নিউ ইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে” অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গ্যালারি থেকে মন্তব্য নয়— মাঠে নেমে একসাথে খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘’বাংলাদেশ সরকারকে প্রবাসীরা যেভাবে সহায়তা করছে, তা সরকারের আত্নবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। আপনাদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা আগেই ছিল। আজ এখানে আপনাদের দেখে আমরা আরও আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে পারব।’’
এসময় প্রবাসীদের নিয়ে বর্তমান বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানের শুরুতেই তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান প্রবাসীদের অবদানে রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশের বেশি। প্রবাসীদের জন্য বিভিন্ন বিনিয়োগবান্ধব নতুন সুযোগ-সুবিধা ও পরিকল্পনা সম্পর্কে জানান তিনি।
এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আকতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে “শেইপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষকীক আলোচনায় অংশ নেন উপস্থিত নেতা-নেতৃবৃন্দ। সেখানে জুলাই অভ্যুত্থান পরবর্তী নিজেদের রাজনৈতিক ভাবনার কথা তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে উদ্বোধন করা হয় “শুভেচ্ছা” নামের একটি মোবাইল অ্যাপ। প্রবাসী বাংলাদেশিদের জন্য এতে থাকছে সরকারি সেবা, তথ্য এবং বিনিয়োগ সুযোগের গাইডলাইন।