পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের জোর দাবি ড. ইউনূসের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬ ২০২৫, ১৯:৫৭ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ২২:১৭

জেরুজালেমের প্রাচীন শহরে ২০২৩ সালের ৫ এপ্রিল আল-আকসা প্রাঙ্গণে দর্শনার্থীদের পাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরাা। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স

জেরুজালেমের প্রাচীন শহরে ২০২৩ সালের ৫ এপ্রিল আল-আকসা প্রাঙ্গণে দর্শনার্থীদের পাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরাা। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স

  • 0

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ দাবি জানান।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার দেওয়া ভাষণে তিনি এ দাবি জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি। কখনও ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।

‘এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে, আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে, মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।

‘শুধুমাত্র ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে। তখনই ন্যায়বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে।’

ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার গত কয়েক বছরের মধ্যে তাদের সবচেয়ে কট্টর অবস্থানের ঘোষণা দিয়েছে। নেতানিয়াহু সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র হতে দেওয়া হবে না।

এর আগে থেকে ইসরায়েলে গাজার নিয়ন্ত্রক দল হামাসের হামলার—যার ফলে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন—জবাবে উপত্যকায় গণহত্যা বয়ে আনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সরকার।

এ যুদ্ধে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকাটি।