
জোরান মামদানির সঙ্গে বৈঠক করছেন ডনাল্ড ট্রাম্প

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৫, ৭:৫৭

জোরান মামদানি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: দ্য গার্ডিয়ান
- 0
ট্রাম্প এবং মামদানির মধ্যে সম্ভাব্য বৈঠকটি এমন এক সময়ে ঘটছে যখন ট্রাম্প তার প্রচারণার সময় মামদানির সমালোচনা এবং আক্রমণ করেছেন।
শীঘ্রই নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোরান মামদানির সঙ্গে দেখা করতে পারেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান এই নেতা।
গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের ট্রাম্প বলেন, মামদানি আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন এবং আমরা এ বিষয়ে কিছু একটা সমাধানে পোঁছাবো।’
মামদানি ওয়াশিংটনে আসতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা চাই নিউ ইয়র্কের সব কিছু ভালোভাবে চলুক।’
এদিকে, মামদানি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন যে তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন, ‘আমি নিউ ইয়র্কবাসীকে দেয়া আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি যে কারোর সঙ্গেই দেখা করতে রাজি, যদি তা শহরের আঠারো লাখেরও বেশি মানুষকে উপকারে আসে এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে।’
গত সপ্তাহে এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে আগে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করেছেন। কারণ এই সম্পর্ক শহরের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মামদানি বলেন, ‘আমি আমার কাজের ক্ষেত্রে সক্রিয় থাকব। আমি মনে করি এটি আমার দায়িত্ব। মতবিরোধ থাকলেও নিউ ইয়র্কের মেয়র হিসেবে যেকোনো মানুষের সঙ্গে কাজ করতে উন্মুক্ত থাকা গুরুত্বপূর্ণ।’
ট্রাম্পকে কী বলবেন এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, ‘আমি এখানে এসেছি শহরে বসবাসকারী সব মানুষের কল্যাণের জন্য কাজ করতে। সেসব জায়গায় একসঙ্গে কাজ করার সুযোগ আছে আমি সেটি করতে প্রস্তুত, আর যদি তা নিউ ইয়র্কবাসীর ক্ষতির কারণ হয়, আমি তা প্রতিহত করব।’
ট্রাম্প এবং মামদানির মধ্যে সম্ভাব্য বৈঠকটি এমন এক সময়ে ঘটছে যখন ট্রাম্প তার প্রচারণার সময় মামদানির সমালোচনা এবং আক্রমণ করেছেন।
পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে, মামদানি ট্রাম্প এবং তার নীতির তীব্র সমালোচনা করলেও বারবার বলেছেন যে নির্বাচিত হলে তিনি প্রেসিডেন্টের সাথে কাজ করবেন নিউ ইয়র্কবাসীর সুবিধার জন্য।
মামদানি ১ জানুয়ারী নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে শপথ নেবেন।