বিছানায় রাখা ছিল শটগান। তা দিয়ে মালিককে গুলি করে পোষা কুকুর। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন গুলিবিদ্ধ ব্যক্তি।
গত মঙ্গলবার এমন ঘটনা ঘটে বলে জানায় পেনসিলভেনিয়ার শিলিংটন পুলিশ ডিপার্টমেন্ট।
পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এবিসি নিউজ জানায়, মঙ্গলবার রাত ১১টা ১৩ মিনিটের দিকে কর্মকর্তারা একটি গুলির ঘটনা জানতে পারেন। তাদের কাছে খবর আসে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তি তার পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, কুকুর লাফ দিয়ে বিছানায় উঠে গুলি ছোড়ে। ঘটনাস্থলে গিয়ে মেঝেতে থাকা ব্যক্তিকে সচেতন অবস্থায় পান বাহিনীর সদস্যরা।
কর্মকর্তারা জানান, পুলিশকে ভুক্তভোগী বলেন, ঘটনার আগে তিনি তার আগ্নেয়াস্ত্রটি—যাকে শটগান হিসেবে শনাক্ত করা হয়েছে—পরিষ্কার করে বিছানায় রাখেন। সে সময় তার কুকুরগুলোর একটি লাফিয়ে বিছানায় ওঠে। বন্দুকের ট্রিগারে কুকুরের চাপ লেগে বের হওয়া গুলি বিদ্ধ হয় তার কোমরের নিচের দিকে।
পুলিশ জানায়, ঘটনার সময় বাসাটিতে ছিলেন ভুক্তভোগী, তার ছেলে এবং অন্য দুটি কুকুর।
কর্মকর্তারা জানান, কুকুরের গুলির সময় ছেলেটি তার বাবার কক্ষে ছিল না বলে খবর পাওয়া গেছে।
তারা আরও জানান, প্যারামেডিকরা ওই বাসা থেকে আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তাকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।
কর্মকর্তাদের ভাষ্য অনুযাযী, ঘটনার পরের দিন বুধবার হাসপাতালের কর্মীরা পুলিশকে জানান, ভুক্তভোগীর প্রাথমিক অস্ত্রোপচার হয়েছে। বুধ কিংবা বৃহস্পতিবার তাকে আরেকবার অস্ত্রোপচারে যেতে হতে পারে।
পুলিশ এবিসি নিউজকে জানায়, ভুক্তভোগী কতটা আহত হয়েছেন, তা বৃহস্পতিবার নাগাদ অজানা ছিল।
গুলিটি দুর্ঘটনাবশত মনে করা হলেও ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।