ভারতের তেলেঙ্গানা রাজ্যে সোমবার সিগাচি ইন্ডাস্ট্রিজের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিল।
জ্যেষ্ঠ জেলা পুলিশ কর্মকর্তা পরিতোষ পঙ্কজ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ধ্বংসাবশেষ থেকে ৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অনেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
তেলেঙ্গানার অগ্নি দুর্যোগ মোকাবিলা জরুরি বিভাগের পরিচালক জিভি নারায়ণ রাও রয়টার্সকে জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে আর কোনও মৃতদেহ রয়ে গেছে কিনা তা নিশ্চিত করতে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা হচ্ছে। শ্রমিকদের অনেকেই দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকে এসেছেন।
রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারপিছু দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
কোম্পানিটি জানিয়েছে যে প্ল্যান্টের ভেতরের সরঞ্জাম এবং কাঠামোর ক্ষতির কারণে তারা ৯০ দিনের জন্য কারখানার কার্যক্রম বন্ধ রাখছে।
ভবনটিতে ওষুধ, প্রসাধনী এবং খাদ্য শিল্পে ব্যবহৃত মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ তৈরি করা হতো। বিস্ফোরণের সঠিক কারণ তদন্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে সিগাচি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।