তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীকে অস্ত্র জমা দিয়ে অবিলম্বে নিজেদের বিলুপ্ত করতে হবে, যাতে আর কোন রক্তপাতছাড়াই একটি সমাধানে পৌঁছানো যায়।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এর আগে দামাস্কাসে কুর্দিবাহিনীকে কেন্দ্রীয় রাষ্ট্রব্যবস্থার সঙ্গে একীভূত হতে সম্মত হওয়ার জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
তুর্কিয়ের পার্লামেন্টে বুধবার একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান জানান, সাম্প্রতিক দিনগুলোতে সরকারের দ্রুত অগ্রগতির পর দামাস্কাসে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তিনি সেটিকে স্বাগত জানান।
এরদোয়ান আরও জানান, সিরিয়ায় কুর্দি বাহিনীর পূর্ণাঙ্গ একীভূতকরণ সেখানে একটি নতুন যুগের সূচনা করতে পারে বলে তিনি আশা করছেন।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমরা দেখছি, সিরিয়ায় পরিচালিত অভিযানের অজুহাত দেখিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে প্রচারণার মাধ্যমে সব কুর্দিকে উসকানি দেওয়া হচ্ছে।
‘বিশেষ করে তুরস্কের আমার কুর্দি ভাই ও বোনদের স্মরণ করিয়ে দিতে চাই যে তারা যেন এই ধরনের ফাঁদে না পা দেন, আহ্বান ও উসকানির পেছনের প্রকৃত উদ্দেশ্যটি বুঝে নেন এবং শান্ত থাকা, সাধারণ বোধ, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে আচরণ করেন।’
পার্লামেন্টে তিনি জানান, সিরিয়া পরিস্থিতি নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে।
ওই আলোচনায় সিরিয়ায় ইসলামিক স্টেইট-আইএস বিরোধী লড়াই নিয়েও কথা হয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘আল্লাহ চাইলে, গতকালের চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটির নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট অঞ্চলগুলো এবং সেখানে বসবাসকারী বেসামরিক মানুষও যত দ্রুত সম্ভব তাদের স্বাধীনতা ফিরে পাবে।
‘এর মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ সিরিয়া যেখানে সবাই নিজেকে নিরাপদ মনে করবে গড়ে তোলা সম্ভব হবে।’