এই সপ্তাহান্তে কুইন্সের বাস যাত্রীদের জন্য বড় ধরনের পরিবর্তন আসছে। রোববার থেকে বরোর বাস নেটওয়ার্কের পুনর্গঠনের দ্বিতীয় এবং শেষ ধাপ কার্যকর হবে।
এবিসি নিউজ জানায়, দ্বিতীয় ধাপে আরও ৩৮টি রুট পরিবর্তন করা হবে, যা লং আইল্যান্ড সিটি, জ্যাকসন হাইটস এবং ফার রকওয়ে উডহ্যাভেন, হাওয়ার্ড বিচ ও অ্যাস্টোরিয়াসহ আশেপাশের এলাকায় প্রযোজ্য হবে।
দ্বিতীয় ধাপেও বরোর বিভিন্ন বাস রুটে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যাতে যাত্রীরা দ্রুত এবং সুবিধাজনকভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন।
এমটিএ জানায়, নতুন নকশার মাধ্যমে বাসগুলো সরাসরি রুটে চলাচল করবে এতে সময় যাত্রীদের সময় সাশ্রয় হবে। এছাড়া সাবওয়ে সংযোগ সহজ হবে এবং ভ্রমণের সময়ও হ্রাস পাবে। ট্রানজিট কর্মকর্তারা আশা করছেন যে এই ধাপ সম্পন্ন হলে যাত্রীরা আরও সহজ ও দ্রুত যাতায়াত উপভোগ করতে পারবেন।
নতুন নকশার মাধ্যমে বাসের রুট আরও সহজ করা হয়েছে, কিছু বাস স্টপ স্থানান্তরিত করা হয়েছে এবং স্টপের সংখ্যা কমানো হয়েছে, যাতে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন। নতুন রুট চালু হওয়ায় যাত্রীরা সাবওয়েতে পৌঁছাতে আরও সুবিধা পাবেন বলে আশা করছেন কর্মকর্তারা।
যাত্রীদের সহায়তার জন্য এমটিএ ‘কাস্টমার অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় এমটিএ কর্মীরা বিভিন্ন বাস স্টপে উপস্থিত থেকে যাত্রীদের নতুন রুট ও সময়সূচি সম্পর্কে তথ্য প্রদান করবেন। এছাড়াও, নতুন রুট ও পরিবর্তনের তথ্য সম্বলিত ফ্লায়ার বিতরণ করা হচ্ছে।
যাত্রীদের নতুন রুট ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে এমটিএর ট্রিপ প্ল্যানার, বাস টাইম অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে।
পুনর্গঠনের প্রথম ধাপ জুনের শেষের দিকে শুরু হয়। এই সংস্কারের ফলে কুইন্সের প্রায় ৮০ হাজার বাস যাত্রী যাতায়াতে সুবিধা ভোগ করতে পারবেন।