Skip to main content

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি ‘ভূমি নিবন্ধন’ প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮ ২০২৬, ১৭:৩৫

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি ‘ভূমি নিবন্ধন’ প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
  • 0

ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের বৃহৎ এলাকা ওয়েস্ট ব্যাংক। ছবি: রয়টার্স

অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নিজেদের নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত করতে সম্প্রতি নতুন আইনি জারি করেছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা রোববার বিতর্কিত এক ভূমি নিবন্ধন প্রক্রিয়ার অনুমোদন দেয়,যার ফলে প্রথমবারের মতো অধিকৃত এ অঞ্চলের জমির মালিকানা নিবন্ধনের সুযোগ পাবে ইসরায়েলিরা।

জেরুযালেমভিত্তিক ফলিত গবেষণা ইনস্টিটিউট- এ.আর.আই.জের মহাপরিচালক ড. জাদ আইয্যাক সতর্ক করে বলেছেন, ‘এ সিদ্ধান্তের মাধ্যমে তথাকথিত ‘এরিয়া সি’-র প্রায় ৮৫ শতাংশ জমি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেবে ইসরায়েল।

‘যেখানে ফিলিস্তিনিদের জন্য টিকে থাকবে মাত্র ১৫ শতাংশ ভূমি, সেটাও নির্ভর করবে আদালতে তাদের মালিকানা প্রমাণ করতে পারার ওপর।’

ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাউ এর সেটেলমেন্ট ওয়াচডগ গ্রুপের পরিচালক হাগিত ওফরানের ভাষ্য, ‘কোনো দখলদার শক্তির ভূমি নিবন্ধনের অধিকার নেই। কিন্তু ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণের সুযোগ সীমিত করে তাদের পৈতৃক জমি গ্রাস করাই তাদের প্রক্রিয়ার আসল উদ্দেশ্য।‘

অন্যদিকে বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও প্যালেস্টাইন অথরিটির কর্মকর্তাদের এসব অভিযোগ অস্বীকার করছে ইযরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গণমাধ্যমের ভুয়া সংবাদের ভিত্তিতে এসব অভিযোগ উঠেছে বলে দাবি করেন মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন।

মারমোরস্টেইন বলেন, ‘সব অপপ্রচার নাকচ করে আমি বলতে চাই, ইসরায়েল সরকার কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।

‘ভূমি নিবন্ধনে শৃঙ্খলা ফেরাতে এবং মালিকানা সংক্রান্ত জটিলতা, স্বচ্ছতার সাথে সমাধান করতেই এই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।‘

ইসরায়েলের এ উদ্যোগে আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে উদ্বেগ ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওয়েস্ট ব্যাংকে একের পর এক বসতি স্থাপনের মাধ্যমে মানচিত্র বাড়ানোর কাজ কৌশলে এগিয়ে নিচ্ছে ইসরায়েল, যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথকে ক্রমেই জটিল করে তুলছে।