মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভুরাডুবির প্রায় এক সপ্তাহ পর পরাজয়ের পেছনে অভিবাসীদের বিতাড়নে নিজ প্রশাসনের কঠোর নীতির দায় স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প স্বীকার করেছেন, এই নীতি মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ভোটারদের কাছে তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার রাতে প্রচারিত সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা বেশি কঠোর ছিলাম। শেষ পর্যন্ত এটি আমার ক্ষতির কারণ হয়েছে।’
তবে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মতে, যেসব অভিবাসীর ভালো চাকরি ছিল, তাদেরও বিতাড়িত করায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, ‘সীমান্ত বন্ধ করার জন্য আমি মনে করি, আমি এ প্লাস পাওয়ার যোগ্য। খারাপ লোকদের বের করে দেওয়ার জন্যও আমি অনেক ভালো নম্বর পাব। কিন্তু যাদের ভালো চাকরি ছিল, তাদেরও আমরা দেশ থেকে বের করে দিয়েছি। এ কারণেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।’
নির্বাচনে পরাজয়ের পর অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘অভিবাসন নিয়ে আমি কিছু করতে চাই। আমার মনে হয়, এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।’
এ প্রসঙ্গে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী, রেস্তোরাঁর পরিবেশনকর্মী ও বাগান পরিচর্যার কাজে নিয়োজিত অভিবাসীদের উদাহরণ দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘এসব মানুষ ভালো কাজ করছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন। তাদেরও দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। বিষয়টি কঠিন।‘
ট্রাম্প আরও বলেন, ‘যারা এখানে আছেন,তাদের মধ্যে কেউ কেউ ১০ থেকে ১৫ বছর ধরে বসবাস করছেন। তাদের জন্য একটি সমঝোতার পথ বের করা যেতে পারে।’
সম্ভাব্য সমঝোতা নিয়ে ট্রাম্প দাবি করেন, ইতিমধ্যে কয়েকজন তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে কারা যোগাযোগ করেছেন, তা তিনি জানাননি।
ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ছয় মাস তাদের অপমান বা কটূক্তি করা থেকে বিরত থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তা পারবেন।