কানাডার কুইবেক প্রদেশে সরকারি কর্মীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়িসহ সব ধরনের ধর্মীয় প্রতীক পরিধানের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত প্রদেশটির বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইন বা বিল-২১-এর বেশির ভাগ অংশের বৈধতা বজায় রাখে।
এই আইনের আওতায় সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীক পরতে পারবেন না। ২০১৯ সালে আইনটি পাস করেছিল কুইবেক সরকার।
তবে আইনের একটি অংশ বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, কুইবেকের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচিত সদস্যদের মুখ অনাবৃত রাখার বাধ্যবাধকতা তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে। ফলে আইনটির এই বিধান তাদের ক্ষেত্রে কার্যকর করা যাবে না।
এই রায়ে কানাডার সংবিধানের একটি বিশেষ বিধানের প্রয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে আদালত। নটউইথস্ট্যান্ডিং ক্লজ নামে পরিচিত এই বিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার সংবিধানে স্বীকৃত কিছু অধিকার লঙ্ঘন করলেও কোনো আইন কার্যকর রাখতে পারে।
ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকারও এই বিধানের আওতাভুক্ত। এর ফলে সংশ্লিষ্ট আইন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়লেও তা কার্যকর রাখা সম্ভব। তবে এই ছাড় সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দেওয়া যায়। পরে তা নবায়ন করা যায়।
২০১৯ সালে বিল-২১ পাসের সময়ই কুইবেক সরকার এই বিধান প্রয়োগ করেছিল। ২০২৪ সালে তা আবার নবায়ন করা হয়।
যে কারণে বিতর্কিত বিল-২১
কুইবেক সরকার ২০১৯ সালের জুনে বিল-২১ পাস করে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নিরপেক্ষতা নিশ্চিত করার যুক্তিতে আইনটি করা হয়। আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু সরকারি পদে দায়িত্ব পালনের সময় কর্মীরা হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি কিপ্পার মতো প্রতীক পরতে পারেন না।
তবে ২০১৯ সালের ২৭ মার্চের আগে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছিল। তারা একই পদে এবং একই নিয়োগকর্তার অধীনে থাকলে ধর্মীয় প্রতীক পরতে পারবেন।
আইনটির কারণে অনেকের জীবন ও পেশায় প্রভাব পড়েছে। কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ নিষেধাজ্ঞা এড়াতে কুইবেক ছেড়ে অন্যত্র চলে গেছেন। কিছু মুসলিম নারী চাকরি ধরে রাখতে কর্মক্ষেত্রে হিজাব খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পরবর্তী সময়ে স্কুলের সহায়ক কর্মী ও স্বেচ্ছাসেবকদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনে কুইবেক সরকার। সম্প্রতি ডে-কেয়ার কর্মীদের ক্ষেত্রেও বিধিনিষেধ সম্প্রসারণ করা হয়েছে।
বিল-২১ পাসের সময়ই কুইবেক সরকার সংবিধানের বিশেষ ছাড়ের বিধানটি প্রয়োগ করে। ফলে আইনটি কার্যকর রাখতে আদালতের আগাম অনুমোদনের প্রয়োজন হয়নি।
২০২১ সালে কুইবেকের সুপিরিয়র কোর্ট আইনটির বেশির ভাগ অংশ বহাল রাখলেও কিছু সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয়টি চিহ্নিত করে। এর মধ্যে ইংরেজিভাষী স্কুল বোর্ডগুলোর সংখ্যালঘু ভাষায় শিক্ষার অধিকারও ছিল।
তবে ২০২৪ সালে কুইবেকের আপিল আদালত ওই স্কুল বোর্ডগুলোর জন্য দেওয়া ছাড় বাতিল করে দেয়। একই সঙ্গে আইনটির বেশির ভাগ অংশ বহাল রাখেন।
চলতি বছরের মার্চে টানা চার দিন মামলাটির শুনানি করেন কানাডার সুপ্রিম কোর্টের সাত বিচারপতি। পরে শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হয়।