ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অ্যামেরিকান বিমানঘাঁটির কাছে বিস্ফোরক–সংক্রান্ত আইনে অপরাধী সন্দেহে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ।
দেশটির কাউন্টার টেররিজম পুলিশ-সিটিপি কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৫ সন্দেহভাজনের প্রত্যেকেই ব্রিটিশ নাগরিক। অভিযুক্তদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে এবং সবাই লন্ডনের বাসিন্দা।
সিটিপি আরও জানায়, গত রোববার ব্রিটেনে অবস্থিত এবং অ্যামেরিকান বাহিনীর জন্য ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছ থেকে তিনটি ভ্যানসহ সন্দেহভাজনের আটক করা হয়। আটকৃতদের কর্মকাণ্ড, উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলমান।
ইউরোপ অঞ্চলে রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড বিমানঘাঁটি অ্যামেরিকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এটি অ্যামেরিকার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে।
ঘটনাটির প্রসঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সোমবার সকালে বিবিসি রেডিও ফোর-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রোববার সকালে বিমানঘাঁটির নিকটবর্তী গ্রাম গ্লুচেস্টারশায়ারের একজন কৃষক প্রথম হুড ও মাস্ক পরিহিত অবস্থায় সন্দেহভাজন যুবকদের লক্ষ্য করেন। ওই যুবকদের আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় বিষয়টি তিনি দ্রুত পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারপাশ ঘেরাও করে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।
স্ট্রিটিং আরও জানান, ওই ঘটনার তদন্ত বেশ দ্রুত ও ভালোভাবে এগোচ্ছে। তবে তদন্ত চলাকালীন বিস্তারিত প্রকাশে ক্ষতির সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, সন্দেহভাজনদের বড় ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিল। তবে সন্দেহভাজনদের দ্রুত গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রিটিশ পুলিশ বিভাগের প্রশংসা করেন ট্রাম্প।