
এবার আইসের হাতে গ্রেপ্তার ডেস মইনসের স্কুল সুপারিন্টেন্ডেন্ট

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৫, ৭:২৩

ডেস মইনস পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ইয়ান রবার্টস। ছবি: পিপল ম্যাগাজিন
- 0
রবার্টস ২০ বছর ধরে আমেরিকা জুড়ে ডিসট্রিক্টগুলোতে স্কুল সুপারিন্টেন্ডেন্টের দায়িত্বে ছিলেন।
ডেস মইনস পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ইয়ান রবার্টসকে শুক্রবার গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা। স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইস এক বিবৃতিতে জানায়, ইয়ান রবার্টস গায়ানা থেকে অবৈধভাবে দেশে ছিলেন এবং অপসারণের চূড়ান্ত আদেশ এবং কাজের অনুমোদন না থাকা সত্ত্বেও সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করছিলেন।
এবিসি নিউজ জানায়, ডেস মইনের পাবলিক স্কুলের সুপারিন্টেন্ডেন্ট রবার্টসকে একটি টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশনের সময় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার কর্মকর্তারা রবার্টসকে আটক করতে গেলে তিনি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে কর্মকর্তারা তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান।
পুলিশের সহায়তায় রবার্টসক হেফাজতে নেওয়া হয়। এসময় সুপারিনটেনডেন্টের কাছে একটি লোডেড হ্যান্ডগান, একটি ফিক্সড- -ব্লেড হান্টিং নাইফ এবং তিন হাজার ডলার পাওয়া যায়।
রবার্টস ১৯৯৯ সালে স্টুডেন্ট ভিসায় অ্যামেরিকায় আসেন। একজন বিচারক ২০২৪ সালের মে মাসে তাকে "অপসারণের চূড়ান্ত আদেশ" দেন বলে আইস তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।
সংস্থাটি জানিয়েছে, রবার্টসের বিরুদ্ধে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অস্ত্র রাখার অভিযোগ রয়েছে।
স্কুল ডিসট্রিক্ট কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন যে, রবার্টসের জন্য পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।
স্কুল বোর্ডের চেয়ারম্যান জ্যাকি নরিস শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রবার্টস ২০২৩ সালের জুলাই মাসে ডেস মইনস ডিস্ট্রিক্টে যোগদান করেন। তিনি ২০ বছর ধরে আমেরিকা জুড়ে ডিসট্রিক্টগুলোতে স্কুল সুপারিন্টেন্ডেন্টের দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, ‘নতুন তথ্য যা প্রকাশ্যে আনা হয়েছে সেটি আমরা জানতাম না এবং প্রকাশিত তথ্য সঠিক কিনা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।’
রবার্টসের সঙ্গে কয়েকটি বই লিখেছেন নিকোল প্রাইস। তিনি জানান রবার্টস তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে। তিনি প্রথম ডক্টরেট সম্পন্ন করেছিলেন ক্লাসরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে।
প্রাইস রবার্টসকে ১১ বছর ধরে পেশাগত দিক থেকে চেনেন, কিন্তু তার ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে তিনি কিছু জানেন না।