সোমবার সন্ধ্যা সাতটার কিছু আগে ৮৩-৩২ ডংগান অ্যাভিনিউয়ের একটি আবাসিক ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে উপরের তলা গ্রাস করে এবং দুই পাশের ভবনেও ছড়িয়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্ট অব নিউ ইয়র্ক (FDNY) জানায়, আগুন লাগার সময় ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কয়েকজন বাসিন্দাকে জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফ দিতে হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বেসমেন্টে আটকে পড়া একজন নিখোঁজ ব্যক্তিকে খোঁজার কাজ চলছিল।
এই ঘটনায় ৩৪ বছর বয়সী এক নারী নিহত হন। ২২ বছর বয়সী এক পুরুষ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে। আরও ছয়জন স্থিতিশীল অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে ১০ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে দুই দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে অন্তত ৪৭ জন স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা এখনও নিজেদের ঘরে ফিরতে পারেননি। রেড ক্রস তাদের অস্থায়ী সহায়তা দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি বিল্ডিংস ডিপার্টমেন্ট আগুন লাগা বাড়ি ও পাশের দুই ভবনের জন্য পূর্ণ খালি করার নির্দেশ জারি করেছে।
কর্তৃপক্ষ এখনও আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধান করছে।