ফ্লোরিডায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএসের একটি কার্গো বিমানের সঙ্গে কোপা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় যাত্রীবাহী বিমানটির দুজন যাত্রী আহত হন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএর তথ্য অনুযায়ী, অবতরণের পর গেটের দিকে যাওয়ার পথে কোপা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। ইউপিএসের উড়োজাহাজটি কলম্বিয়ার বোগোতার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
এফএএ জানায়, সংঘর্ষের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ইউপিএসের পাইলটদের কোপা এয়ারলাইনসের বিমানের পথ ছেড়ে দিতে বলা হয়েছিল। তবে কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে সংস্থাটি।
কোপা এয়ারলাইনস জানায়, তাদের বিমানে ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। আহত দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কাউকে হাসপাতালে নিতে হয়নি। বাকি যাত্রী ও ক্রুরা ভালো আছেন।
অন্যদিকে ইউপিএস জানিয়েছে, তাদের বিমানের ক্রুরা নিরাপদে আছেন। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানগুলোকে বিকল্প ট্যাক্সিওয়ে দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়।