অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫ ২০২৫, ১০:০৫ হালনাগাদ: মার্চ ১৪ ২০২৬, ০:২৪

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ফের সরব হলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ফের সরব হলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর হওয়ার বার্তা দেন ট্রাম্প।

টেক্সাসের ডালাসে ভারতীয়কে খুনের ঘটনায় এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ডালাসের ডাউনটাউন সুইটস মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে ঝগড়ার জের ধরে বুধবার এক ভারতীয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন কিউবার এক অভিবাসী।

এই ঘটনায় অ্যামেরিকার নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিতর্কের মাঝেই এবার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ফের সরব হলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে লেখেন, ‘চন্দ্রমৌলি নাগমাল্লাইয়ার খুনের খবরটা আমি শুনেছি। ডালাসে তিনি এক জন সম্মানিত ব্যক্তি ছিলেন। স্ত্রী এবং সন্তানের সামনে তার মাথায় কেটে নেওয়া হয়েছে। কাজটা করেছেন এক অবৈধ অভিবাসী, যিনি কিউবা থেকে এখানে এসেছিলেন।’

ট্রাম্প আরও বলেন, ‘এই ব্যক্তির কখনওই এখানে ঢুকতে পারার কথা ছিল না। এর আগেও এই ব্যক্তি শিশু নির্যাতন, গাড়ি চুরির মতো অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জো বাইডেনের ব্যর্থ প্রশাসন তাকে আটকে রাখতে পারেনি। কিউবাও এই ব্যক্তিকে চায় না।’

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর হওয়ার বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীদের নিয়ে নরম হওয়ার দিন এখন শেষ, নিশ্চিন্ত থাকুন। আমাদের প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন। অ্যামেরিকাকে আবার আমরা নিরাপদ, সুরক্ষিত করে তুলব। এই অপরাধী আমাদের হেফাজতে রয়েছে। খুনের অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

চন্দ্রকে খুনের অভিযোগে ৩৭ বছরের কিউবান নাগরিক কোবোস-মার্টিনেজ়কে গ্রেপ্তার করা হয়। চন্দ্র ডালাসে একটি ছোট হোটেল চালাতেন। মার্টিনেজ় সেখানে কাজ করতেন। তর্কের জেরে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় ভারতের কেরালার চন্দ্রমৌলি নাগমাল্লাইয়াকে।