ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলায় অপহরণের পর মারধর করে মূত্র পানে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন গোয়ালিয়র এলাকার দলিত এক গাড়িচালক।
অভিযোগের বরাতে এনডিটিভি মঙ্গলবার জানায়, মারধরের শিকার ব্যক্তি পেশায় মাহিন্দ্র ব্র্যান্ডের বোলেরো নামের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভির চালক। তিনি ভিন্দের বাসিন্দা সোনু বড়ুয়ার অধীনে কাজ করতেন।
সম্প্রতি গাড়ি চালানো বন্ধ করে গোয়ালিয়রে শ্বশুরবাড়িতে চলে যান দলিত ওই চালক।
অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি অলক পাঠক ও ছোটু ওঝা নামের দুইজনকে সঙ্গে নিয়ে চালকের শ্বশুরবাড়িতে যান সোনু বড়ুয়া। দলিত ব্যক্তি গাড়ি চালানো শুরু করতে না চাওয়ায় তিনজন তাকে জোর করে তুলে নেন।
ভুক্তভোগী পুলিশকে জানান, ভিন্দের দিকে নিয়ে যাওয়ার সময় তিনজন তাকে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটান। তারা তাকে মদ্যপানের পাশাপাশি মূত্র পান করতে বাধ্য করেন।
চালক আরও অভিযোগ করেন, ভিন্দের আকুতপুরা গ্রামে নিয়ে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর করা হয়।
এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, ভুক্তভোগী আকুতপুরা থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তাকে ভর্তি করা হয় ভিন্দ জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে দলিত চালকের নিপীড়নের অভিযোগের পরও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে ভিম আর্মি। সংগঠনটি হাসপাতালের ওয়ার্ডে বিক্ষোভ করেছে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না করলে আরও বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।