‘শান্তির চিঠি’তে পুতিনের কাছে যা চেয়েছেন মেলানিয়া ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ২০:১৫ হালনাগাদ: জানুয়ারি ১১ ২০২৬, ৯:০৩

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প,  প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

  • 0

চিঠিতে ফার্স্ট লেডি লিখেন, বিশ্বজুড়ে শিশু ও অনাগত প্রজন্মকে রক্ষার ‘এটাই সময়’।

ফার্স্ট লেডি মেলানিয়ার দেওয়া একটি চিঠি শুক্রবার আলাস্কায় বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের কাছে হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এবিসি নিউজ রবিবার জানায়, চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন ট্রাম্প, যাকে তিনি অভিহিত করেছেন মেলানিয়ার কাছ থেকে আসা ‘শান্তির চিঠি’ হিসেবে।

চিঠিতে ফার্স্ট লেডি লিখেন, বিশ্বজুড়ে শিশু ও অনাগত প্রজন্মকে রক্ষার ‘এটাই সময়’।

আবেগমিশ্রিত চিঠির শুরুতে মেলানিয়া লিখেন, জৌলুসহীন পল্লি কিংবা জাঁকজমকপূর্ণ নগর—জন্ম যেখানেই হোক না, প্রতিটি শিশুর হৃদ মাঝারে নীরব স্বপ্ন থাকে। তারা ভালোবাসার পাশাপাশি সম্ভাবনা এবং বিপদ থেকে সুরক্ষা পাওয়ার স্বপ্ন দেখে।

ফার্স্ট লেডির মতে, জাতীয়তা, রাজনৈতিক মতাদর্শ কিংবা বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও সব শিশু নিষ্পাপ হিসেবে পৃথিবীতে আসে।

পুতিনের উদ্দেশে মেলানিয়া লিখেন, একই সঙ্গে সাধারণ ও গভীর একটি বিষয়ে পুতিন একমত হবেন বলে নিশ্চিত তিনি। তা হলো প্রতিটি প্রজন্মের উত্তরাধিকারীরা তাদের জীবন শুরু করে শুদ্ধতা দিয়ে। এটি এমন এক নিষ্কলুষতা, যা ভূগোল,সরকার ও মতাদর্শের ঊর্ধ্বে।

রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে ফার্স্ট লেডি আরও লিখেন, শিশুদের সুরক্ষা শুধু রাশিয়ার স্বার্থ সংরক্ষণেই কাজ করবে না, এটি একই সঙ্গে মানবতাকে টিকিয়ে রাখবে।

‘এ ধরনের সাহসী ধারণা মানুষর মধ্যকার সব বিভাজনকে ছাড়িয়ে যায় এবং আপনি, মিস্টার পুতিন, কলমের এক খোঁচায় এই ভিশন বাস্তবায়নে সক্ষম। এটাই সময়’, চিঠির শেষের দিকে লিখেন মেলানিয়া।

চিঠির হার্ড কপিটি প্রথম পায় ফক্স নিউজ ডিজিটাল।