অ্যামেরিকার ২১টি স্টেইটে গ্রীষ্মকালে লেটুস পাতা থেকে ছড়িয়ে পড়া অন্ত্রের রোগ সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের সম্ভাব্য একটি উৎস শনাক্ত করেছে ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন-এফডিএ।
সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলে লেটুস উৎপাদন ও প্রক্রিয়াজাত করার পরিবেশে সাইক্লোস্পোরা নামের পরজীবীর উপস্থিতি পাওয়া গেছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, মেক্সিকোতে অবস্থিত নর্থ অ্যামেরিকায় তাজা ফল ও সবজি সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান টেইলর ফার্মসের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময়ে দুটি নমুনায় এ পরজীবির উপস্থিতি পাওয়া যায়।
এর মধ্যে একটি নমুনা নেওয়া হয়েছিল একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে বের হওয়া বর্জ্যপানি রাখার ট্যাংক থেকে। অন্যটি সংগ্রহ করা হয় আইসবার্গ লেটুস চাষের একটি খামারের ড্রেনেজ নালা থেকে।
তবে সেখানে কীভাবে লেটুসে দূষণ ঘটেছে, তা নিশ্চিতভাবে বলার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে এফডিএ।
সংস্থাটি বলছে, পরিবেশে সাইক্লোস্পোরার উপস্থিতি এই প্রাদুর্ভাবের সঙ্গে পূর্বে টেইলর ফার্মসের মেক্সিকান স্থাপনা থেকে প্রত্যাহার করা কুচি করা আইসবার্গ লেটুসের যোগসূত্রকে আরও জোরালো করে।
স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রত্যাহার করা লেটুস বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে।
টেইলর ফ্রেশ ফুডসের এক মুখপাত্র জানিয়েছেন, মধ্য মেক্সিকোয় কোম্পানিটির সংশ্লিষ্ট কারখানা এখনো বন্ধ রয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে গবেষণা দলের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। যে স্বাধীন চাষির খামার থেকে একটি নমুনায় সাইক্লোস্পোরা পাওয়া গেছে, সেই চাষি এখন আর তাদের সরবরাহকারী কর্মসূচির অংশ নন বলেও জানানো হয়েছে।
সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি জানিয়েছে, প্রত্যাহার করা লেটুস খাওয়ার পর ২১টি স্টেইটে অন্তত ১২ হাজার ৮৮৩ জন সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৭০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মিশিগানে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার অসুস্থতার খবর পাওয়া গেলেও সেগুলোকে প্রত্যাহার করা লেটুসের সঙ্গে সরাসরি যুক্ত কিনা এখনও নিশ্চিত নয়।
এর আগে চলতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে এফডিএ ও সিডিসি জানিয়েছিল, কয়েকটি স্টেইটে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের ঘটনা তদন্ত করা হচ্ছে। তখন কিছু টাকো বেল রেস্তোরাঁয় পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুসের সঙ্গে এসব অসুস্থতার যোগসূত্র পাওয়া যায়। ওই লেটুস টেইলর ফার্মস সরবরাহ করেছিল এবং তা মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল।
পরে টেইলর ফার্মস মধ্য মেক্সিকো থেকে সংগ্রহ করা সব আইসবার্গ লেটুস স্বেচ্ছায় প্রত্যাহার করে। ২৭টি স্টেইটে এসব পণ্য বিতরণ করা হয়েছিল। ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে পণ্যগুলো সরবরাহ করা হয় এবং এগুলোর ‘বেস্ট ইফ ইউজড বাই’ তারিখ ছিল ৩ আগস্ট পর্যন্ত।
টাকো বেল জানিয়েছে, তাদের কোনো রেস্তোরাঁয় এখন আর টেলর ফার্মসের মেক্সিকান লেটুস ব্যবহার করা হচ্ছে না।