প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রকারী একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার চার হাজারের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার জানানো হয় এ তথ্য।
জাস্টিস ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ইউনিটের তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০২৪ অর্থবছরের পর থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের প্রায় ২ হাজার ৬০০ কর্মকর্তা ছাঁটাই করা হয়েছে। যার ফলে শীর্ষ এ গোয়েন্দা সংস্থাটির কর্মী কমে গেছে ৭ শতাংশ।
ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন-ডিইএ ও অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্ম অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরোর কর্মী ছাঁটাই হয়েছে যথাক্রমে ৬ ও ১৪ শতাংশ।
একইসঙ্গে সন্ত্রাসবিরোধী ও গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করা ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের কর্মী ছাঁটাই হয়েছে প্রায় ৩৮ শতাংশ।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ দমনে প্রতিশ্রুতি দিলেও, কর্মী সংখ্যা কমানোর ফলে গুরুত্বপূর্ণ এ সংস্থাগুলোতে জনবল ঘাটতি ও নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের ভিতর অনেকে পূর্বে ট্রাম্প ও তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন তদন্তে যুক্ত ছিলেন।
জাস্টিস ডিপার্টমেন্টের সাম্প্রতিক বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, গুপ্তচরবৃত্তি ও সংবেদনশীল সামরিক প্রযুক্তি রপ্তানি সংক্রান্ত মামলায় কাজ করা ইউনিটে উল্লেখযোগ্যভাবে জনবল সংকট রয়েছে।
জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক আইনজীবী ও ‘জাস্টিস কানেকশন’ সংগঠনের প্রধান স্টেসি ইয়ং বলেছেন, ‘প্রশাসন অপরাধ ও সন্ত্রাসবাদ নিয়ে বড় বড় কথা বললেও বাস্তবে তারা এসব মোকাবিলার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে দুর্বল করে দিচ্ছে।’