নিরাপত্তার চাদরে ঢাকা গোটা দেশ, রাত পোহালে ভোটগ্রহণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৬:৫৭

নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

  • 0

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো কেন্দ্রে অনিয়ম দেখা গেলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্র বা পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে।

রাত পোহালেই শুরু হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে যেমন আছে উৎসবের আবহ, তেমনি রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে।

রাজধানীতে এপিসি সহকারে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিসহ যৌথ নিরাপত্তা ফোর্স। লক্ষ্য একটাই- নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।

সার্বিক পরিস্থিতি নিয়ে র‍্যাব সদরদপ্তরে আশ্বস্ত করেছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানান, এবার জনবল মোতায়েনের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতার দিকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। যেকোনো এলাকার নির্দিষ্ট ভোটার বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো বহিরাগত উপস্থিতি যেন না ঘটে সে বিষয়েও তৎপর রয়েছে যৌথ বাহিনী।

র‍্যাব ডিজির ভাষ্যমতে, এবার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের মধ্যে রয়েছে এক অনন্য সমন্বয়। কেন্দ্রের ভেতরে পুলিশের বডি-ওন ক্যামেরা আর বাইরে আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি। এমনকি দুর্গম এলাকায় বা জরুরি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের হেলিকপ্টার উইং এবং ডগ স্কোয়াড।

নির্বাচনী আচরণবিধি রক্ষায় কাজ করছেন কয়েক শ’ জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে বা ভোট গ্রহণের পরিবেশ বিঘ্নিত হলে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেবে স্ট্রাইকিং ফোর্স। নিরাপত্তা কর্মকর্তারা কড়া বার্তা দিয়েছেন যে, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সারাদেশেই কড়া সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো কেন্দ্রে অনিয়ম দেখা গেলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্র বা পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে। উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।