গত এক দশকে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দণ্ডিতদের তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা এসব শাস্তির শিকার হয়েছেন।
অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে বা অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে এমন ভয়াবহ পরিণতির মুখে পড়েন।
২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। গত বছর ১২২ জন এবং এ বছরের জুন পর্যন্ত ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দেশটিতে।
অ্যামনেস্টির অভিযোগে বলা হয়েছে, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারবিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।
তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।