ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই দখলকৃত ইস্ট জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছেন প্রায় ১১৫ জন ইসরায়েলি স্যাটেলার। বুধবার (১৮ নভেম্বর) ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থানে অবৈধ স্যাটেলারদের অনুপ্রবেশ এবং সেখানে ইহুদি ধর্মীয় আচার ও প্রার্থনা পালনের তথ্য জানায় জেরুজালেম গভর্নরেট এবং প্যালেস্টাইন সংবাদ সংস্থা ওয়াফা।
প্রতিবেদন অনুযায়ী, বসতি স্থাপনকারীরা দলবদ্ধভাবে মুগরাবি গেট দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা মসজিদ চত্বরে ঘুরে বেড়ান এবং সেখানে ইহুদি ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করেন।
বসতি স্থাপনকারীরা প্রাঙ্গণে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী মসজিদের দর্শনার্থী ও মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং তাদের ব্যক্তিগত পরিচয়পত্র নিবিড়ভাবে যাচাই করে।
উল্লেখ্য, মুসলিমদের কাছে আল-হারাম আল-শরিফ নামেও পরিচিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা প্রাঙ্গণে ১৯৬৭ সালের জুনে পূর্ব জেরুজালেম দখলের পর থেকেই প্রায়ই সংঘাত ও উত্তেজনা দেখা যায়। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ এবং মুসলিম মুসল্লিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে এবং নির্দিষ্ট সময়ে সেখানে প্রার্থনার জন্য নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েলের বেশ কয়েকজন অতি-ডানপন্থী মন্ত্রী ও পার্লামেন্ট (নেসেট) সদস্য প্রকাশ্যেই এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।