বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওয়েবসাইট সুরক্ষায় তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
পিএইচপির ডেভলপাররা গত মঙ্গলবার নিরাপত্তাত্রুটি দুটি শনাক্ত করার কথা জানান। ত্রুটি সংশোধনের আপডেট প্রকাশিত হলে ব্যবহারকারীদের দ্রুত ওয়েবসাইট আপডেট করার আহ্বান জানান তারা। এরই মধ্যে হ্যাকাররা এসব ত্রুটি কাজে লাগিয়ে ওয়েবসাইটে অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও জানান তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইন্টারনেটের বড় একটি অংশ পিএইচপির ওপর নির্ভরশীল। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মেও এই প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। ফলে নিরাপত্তাত্রুটির কারণে বিপুলসংখ্যক ওয়েবসাইট সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডেন কনেখট সামাজিক মাধ্যম এক্সে জানান, নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি তাদের ফায়ারওয়ালের নিরাপত্তাবিধি আপডেট করছে। তবে এ পদক্ষেপ সাময়িক বলে উল্লেখ করেন তিনি। পিএইচপির সংশোধিত সংস্করণ প্রকাশের পরপরই তা ইনস্টল করার পরামর্শ দেন।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা প্লাগইন ওয়ার্ডফেন্স জানিয়েছে, স্বয়ংক্রিয় আপডেটের মাধ্যমে এই ত্রুটি সংশোধন হবে না। তাই ওয়েবসাইটের মালিকদের তাদের সাইটে পিএইচপি আপডেটের দায়িত্বে কে রয়েছেন, তা নিশ্চিত করতে হবে।
এদিকে ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান ও ব্রিটেনে সাইবার নিরাপত্তা সংস্থাগুলো পিএইচপি ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার আপডেট করার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা প্যাচ প্রয়োগ করা সম্ভব না হলে ওয়েবসাইট বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থাটিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পিএইচপি ৫ ও এর পরবর্তী সংস্করণগুলো এ ত্রুটির ঝুঁকিতে থাকতে পারে। তবে ঠিক কোন কোন সংস্করণ আক্রান্ত হয়েছে, তা এখনো প্রকাশ করেননি ডেভেলপাররা।